তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন জাইমা রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নেন তার কন্যা জাইমা রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের পুলিশ প্লাজার সামনের সড়ক থেকে এ গণসংযোগ কর্মসূচি শুরু হয়।

গণসংযোগ চলাকালে জাইমা রহমান গুলশানের বিভিন্ন সড়ক, বিপণিবিতান, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি ভোটারদের খোঁজখবর নেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের বার্তা তুলে ধরেন।

এ সময় তিনি ভোটারদের কাছে তারেক রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন। 

গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পথচারী, ব্যবসায়ী, কর্মজীবী মানুষ ও তরুণ ভোটাররা এগিয়ে এসে জাইমা রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন এবং আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান।

পুরো এলাকাজুড়ে গণসংযোগকে ঘিরে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। 

নির্বাচনী গণসংযোগ চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিএসএফ সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সম্পন্ন হয়।

বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, এই ধরনের সরাসরি গণসংযোগ সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.