কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার চুরি করে পালানোর সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড। ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার চুরি করে পালানোর সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা মিরপুর উপজেলার নওদা গবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।
ইউএনও নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে শাহিন ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে কৌশলে সাদা কাগজ ব্যালট বাক্সে দেন। পরে ব্যালট পেপার নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শাহিন তার দোষ স্বীকার করেন। দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

