আওয়ামী লীগের টেলিগ্রাম ও ফেসবুক পেজের এডমিন আটক

চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর দায়ে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের এডমিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামের একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে (৫০) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর হোসেন তালুকদার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আফাজ মিস্ত্রী বাড়ির বাসিন্দা। তিনি প্রয়াত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত টেলিগ্রাম ও ফেসবুক পেজে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে যৌথ এডমিনশিপ পরিচালনা করা হচ্ছিল। এর মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছিল বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর হোসেন তালুকদার এর আগেও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত বছরের ২৩ জুন শাহরাস্তি উপজেলার দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল এবং ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবর রহমান বলেন, ‘আটক জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কনটেন্ট যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.