শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে প্যারিসে বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠ

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে ফ্রান্সের প্যারিসে বিদ্রোহ ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিসের উদ্যোগে একটি রেস্টুরেন্টে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটওয়ারী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন, ফ্রান্স টোয়েন্টি ফোর টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার।
এ ছাড়া বক্তব্য দেন ফরাসি নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল, আইনজীবী ও চিন্তক মনোয়ার পাটওয়ারী, সাংবাদিক কামরুজ্জামান, সংগঠনের সহসভাপতি জাকির খান, মানবাধিকার কর্মী মিনহাজ উদ্দীন, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদ, সফিউল আলম সজল, আব্দুল কাইয়ুম এবং প্রচার সম্পাদক জামিল আহমদ।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের এক সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁকে হত্যার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো বিচার নিশ্চিত হয়নি—যা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। বক্তব্যে আরও বলা হয়, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়, উদীচী ও ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পাশাপাশি মিথ্যা অভিযোগে মব সন্ত্রাসের মাধ্যমে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনাও নিন্দনীয়। এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা পাঠ ও বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।

আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচারের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য সুহেল আহমদ, ফয়েজ আহমদ, ফখরুল ইসলাম, মুহাম্মদ আল-আমীনসহ অন্যান্য সদস্যরা।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.