ফরাসি মঞ্চ-জগতে বাংলার গর্ব: সোয়েব মোজাম্মেল পেলেন BCF-র কৃতি সম্মাননা

ফরাসি মূলধারার মঞ্চনাট্যে সক্রিয় বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেতা সোয়েব মোজাম্মেলকে নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। গত শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের একটি হলে আয়োজিত ‘বিসিএফ রিইউনিয়ন অ্যান্ড স্টুডেন্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করার পাশাপাশি কমিউনিটিতে নানা সামাজিক, সাংস্কৃতিক উদ্যোগের জন্য ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানায় বিসিএফ। সোয়েব মোজাম্মেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের প্রতিনিধি ফাতেমা তুজ জোহরা ও তানিয়া রহমান।

সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সোয়েব মোজাম্মেল বলেন, স্বীকৃতি মানুষকে দায়িত্বশীল করে তোলে। প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও নাট্যকলাকে এগিয়ে নিতে যারা নিবেদিতভাবে কাজ করছেন, তাদের জন্য বিসিএফ–এর এই আয়োজন একটি মহৎ উদ্যোগ। তিনি বলেন, “পরবাসে এমন স্বীকৃতি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে সমাজ, সংস্কৃতি ও দেশপ্রেমের প্রতি আরও দায়বদ্ধ করে। এমন আয়োজন আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি।”

ফরাসি মঞ্চে সোয়েব মোজাম্মেলের যাত্রা শুরু ২০১৬ সালে “Petit Message” নাটকের মাধ্যমে। এরপর ধীরে ধীরে তিনি ফরাসি নাটক, চলচ্চিত্র ও তথ্যচিত্রে অভিনয়ের সুযোগ পান এবং ফরাসি দর্শকদের মধ্যেও পরিচিতি লাভ করেন। তিনি ফরাসি মূলধারার মঞ্চেও নিয়মিত অভিনয় করছেন এবং ২০২৩ সালে প্যারিসের La Commune centre dramatique national, Aubervilliers মঞ্চে পরিবেশিত Luigi Pirandello–র নাটক Les Géants de la Montagne–এও অভিনয় করেন, যেখানে বাংলা ও ফরাসি দুই ভাষার সংলাপই ছিল। এই নাটকটি তখন ব্যাপক প্রশংসা পায়। এভাবে ধারাবাহিক ভাবে তিনি অভিবাসন, শ্রমিক ও শ্রম বৈষম্য নিয়ে ফরাসি মঞ্চ নাটক করেছেন। এছাড়াও উল্লেখযোগ্য তাঁর অভিনীত কিছু বাংলা মঞ্চ নাটক হলো  “এসো দেশ গড়ি”, “ভোট পাগলা”, “অদ্ভুত ভূত”, “এই পিরীতি সেই পিরীতি নয়”, “নিল পলি”, “ভবঘুরে”, “মেঘের ভেলা”, “কালোচাঁদ” প্রভৃতি।  পাশাপাশি তিনি “কবিতায় আড্ডা” নামে একটি বহুভাষিক সাহিত্য–সাংস্কৃতিক উদ্যোগের সংগঠক এবং ‘চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স’-এর সঙ্গেও যুক্ত আছেন।

ফরাসি সংস্কৃতির মূলধারায় দাঁড়িয়ে একজন বাংলাদেশি শিল্পীর এই স্বীকৃতি প্রবাসী কমিউনিটিতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে তার ধারাবাহিক কাজ এবং বাংলাদেশি ঐতিহ্যকে তুলে ধরার প্রচেষ্টা ভবিষ্যতের তরুণ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন আয়োজকেরা।

উল্লেখ্য “BCF রিইউনিয়ন অ্যান্ড স্টুডেন্টস অ্যাওয়ার্ড ২০২৫”–তে ৩০ জন মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি — কমিউনিটি ও সাংস্কৃতিক কাজের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সোয়েব মোজাম্মেলকে বিশেষভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি প্যারিস-১৩ নম্বর এলাকায় একটি অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে ফরাসি ও বাংলাদেশি কমিউনিটির মানুষ সমাগম করেছিলেন।

অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক, কমিউনিটি নেতা, সংগঠকসহ বিভিন্ন শ্রেণীর অতিথিরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষাবৃত্তি ও কমিউনিটি অবদানের স্বীকৃতি একত্রে এই আয়োজনে অংশ নিয়েছিল।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.