উদীচী–ছায়ানটসহ গণমাধ্যমে হামলা ও দীপু দাস হত্যার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন

উদীচী, ছায়ানটসহ সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের ওপর হামলা এবং ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে গত ২৭ ডিসেম্বর ২০২৫ স্থানীয় সময় বিকেল ৪টায় রিপাবলিক চত্বরে এ কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে উদীচী ফ্রান্স সংসদের শিল্পীকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচির শুরুতে বক্তব্য দেন উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মণ্ডল। সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদারের সঞ্চালনায় সংহতি বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (ফ্রান্স শাখা)-এর আহ্বায়ক রমেন্দ্র কুমার চন্দ, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের সাধারণ সম্পাদক অমিত চৌধুরী মারুফ এবং কবি লোকমান আহম্মেদ আপন। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজকর্মী প্রদীপ চক্রবর্তী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক রাকিবুল ইসলামসহ আরও অনেকে।

কর্মসূচিতে উপস্থিত ফরাসি বিভিন্ন শ্রেণি-পেশার পথচারীরাও আগ্রহের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তাঁদের মধ্যে বক্তব্য দেন ফ্রান্সের নাগরিক ফ্রান্সিস ওয়াল্টার। তিনি বলেন, ১৯৭১ সালে স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে তিনি বাঙালিদের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের সমর্থনে জনমত গড়ে তোলার কাজে যুক্ত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা, দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনা এবং উদীচী, ছায়ানটসহ গণমাধ্যমের ওপর হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। কর্মসূচির শেষ পর্যায়ে উদীচী ফ্রান্স সংসদের সহসভাপতি রোজী মজুমদারের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘটে।
প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে শতাধিক মানুষের অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে আয়োজন করায় উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিদিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.