৩ দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া : খালেদা জিয়া

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিনদিন ধরে একই রকম রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

 

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসাপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের যৌথ আলাপ-আলোচনার ভিত্তিতে এখানে তার চিকিৎসা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে।

জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা তদারক করছেন এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে তার দুই পুত্রবধূ, ছোট ভাইসহ অন্যান্য স্বজন ও দলীয় নেতারা সহযোগিতা করছেন।

 

বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে ভিড় না করে দেয়া করার জন্য অনুরোধ করেন দলের এ নেতা। তিনি বলেন, তাদের নেত্রীর জন্য সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসাব্যবস্থার আয়োজন এখানে করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, তার অবস্থা গত তিনদিন ধরে (২৭ থেকে ২৯ নভেম্বর) একই পর্যায়ে আছে। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন।

খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রসঙ্গে জাহিদ হোসেন জানান, এটি নির্ভর করছে তার সার্বিক সুস্থতা ও দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। যা পরবর্তীকে নেওয়া হবে এবং তা তখন সাংবাদিকদের জানানো হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.