জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান। ছবি: আমাদের সময়  

জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে। এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ, ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, এম রায়হান, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান,ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের এম রাসেল, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সরোয়ার হোসেন, আব্দুর রহমান, কোটচাঁদপুরের খন্দকার আব্দুল্লাহ বাশার ও বাসস প্রতিনিধি শাহজাহান নবীন প্রমুখ।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নিব।

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করেন তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন বিলিয়ে দেন।’

অনুষ্ঠান শেষে বিকালে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে “উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.