১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১ জন : টিআইবি

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১১ মাসে দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে ১ হাজার ১৬৮ জন পুলিশ সদস্যকে। তাদের মধ্যে ৬১ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানায়।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম জানান, সরকার পতনের পর ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত, হত্যার নির্দেশদাতা ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সারা দেশে ১ হাজার ৬০২টি মামলা হয়েছে, যার মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। এসব মামলায় সাবেক সরকারের অন্তত ৮৭ জন মন্ত্রী ও সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন। প্রায় ৭০ শতাংশ মামলার তদন্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং অন্তত ৬০ থেকে ৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমও শুরু হয়েছে। গত এক বছরে আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত ৪২৯টি অভিযোগ এবং ২৭টি মামলা গৃহীত হয়েছে। অভিযুক্ত ২০৬ জনের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে।

টিআইবি বলছে, কিছু বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতির ঘাটতি রয়েছে, যা সরকারের সদিচ্ছা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় (১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) সারা দেশে দায়ের হওয়া প্রায় সব হয়রানিমূলক মামলাও ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন ও ফারহানা রহমান প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.