বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই । বিএনপি সংস্কার চায়। কুসংস্কার নয়। নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন বিএনপির বিপরীতে তিনশ আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন।’

আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ মাঠে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
গয়েশ্বর আরও বলেন, ‘সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার ভূলুণ্ঠিত করা হলে দলীয় নেতাকর্মীরা চুপ থাকবে না। তাই বর্তমান সরকারের কাছে যথাসময়ে নির্বাচন চাই।’
তিনি এলাকার সমস্যা এবং মাদকদ্রব্য নিয়েও কথা বলেন , তিনি বলেন আধুনিক কেরানীগঞ্জ গড়ে মাদক নির্মূল করা এবং ঢাকা জেলার সমস্ত অফিস আদালত ঢাকা শহর থেকে ঢাকা জেলায় নিয়ে আসা তার অন্যতম অঙ্গীকার ।
সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কারের নামে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে বিএনপি রুখে দাঁড়াবে , বিএনপিই বাংলাদেশে সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে , রাষ্ট্রপতি শাসনের সংস্কার করে সংসদীয় শাসন প্রতিষ্ঠা করেছে ।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ থানার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেরানীগঞ্জের বিএনপি নেতা জয়নাল আবেদিন বাবুল , বদিউজ্জামান বাবুলসহ স্থানীয় বিএনপি নেতারা। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি। শুদ্ধস্বর ডটকমকে কেরানীগঞ্জ যুব্দল নেতা আবু জাহিদ মামুন বলেন বিপুল সংখ্যক মানুষ জনসভায় অংশ নেন কোরাণ এবং গীতা পাঠের মাধ্যমে জনসভার শুরু হয় । তিনি বলেন প্রাক নির্বাচনী জনসভা ছিল এটি , আজকের জনসভা থেকে শ্লোগানে শ্লোগানে আওয়াজ উঠেছে গয়েশ্বর রায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেরানীগঞ্জ দক্ষিণের প্রার্থী দেখতে চাই ।

