ফিট থাকলে খেলতে পারবেন সাকিব, জানালেন বিএনপি মহাসচিব

রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের ক্রিকেট থেকে দূরে সাকিব আল হাসান। ফলে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকের-ই প্রশ্ন সাকিব কি ফিরতে পারবেন বাংলাদেশের জার্সিতে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, সাকিবের জন্য দরজা খোলাই আছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কয়েক সপ্তাহ আগে জানিয়েছেন, এই ব্যাপারে সাকিবের সঙ্গে আলোচনা করবেন তিনি। বিসিবি যতই ইতিবাচক কথা শোনাক না কেন, বাস্তবিক অর্থে সাকিবের ফেরার সম্ভাবনা ক্ষীণই। রবিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খেলা দেখতে মাঠে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাস আলমগীর। তাকেও সাকিব ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বিএনপি মহাসচিবের বক্তব্যে পরিষ্কার বার্তা—ক্ষমতায় এলেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয় দিয়ে নয়, দক্ষতা ও যোগ্যতাই হবে খেলার একমাত্র মানদণ্ড।

সাকিব আওয়ামী লিগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত বছর আগস্টে সরকার পতনের পর তিনি আর দেশে ফেরেননি। যদিও ওই সময় দেশের হয়ে খেলতে দেশের বাইরেই ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। সাকিবের বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যার মামলা ছাড়াও দুদকের বেশ কিছু মামলা রয়েছে। সবমিলিয়ে সাকিবকে ফিরতে হলে সেই সব মামলা মোকাবেলা করেই ফিরতে হবে।

রবিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেসরকারি চ্যানেলে টি-স্পোর্টসের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেছেন, ‘সাকিব যদি খেলার জন্য ফিট থাকে, তাহলে আমাদের কোনও সমস্যা নেই। আমি খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না এবং এটিকে সমর্থনও করি না। যে যোগ্য, সে-ই খেলবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সাকিবকে দলে রাখা হবে না—এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেছেন, ‘সে ফিরবে কি না, তা নির্ভর করে তার ফর্ম ও সক্রিয়তার ওপর। যদি কেউ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয় বা কোনও অপরাধমূলক মামলায় জড়িত থাকে, তাহলে সেটা আলাদা বিষয়। তবে শুধুমাত্র রাজনৈতিক কারণে কাউকে খেলা থেকে বিরত রাখা অনুচিত।’

এ সময় ফখরুল প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রিকেটের প্রতি অবদানকে স্মরণ করে বলেন, ‘কোকো আমাদের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। তিনি খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রেখেছেন। খোকা ভাইও (সাদেক হোসেন খোকা) অনেক অবদান রেখেছেন। আমাদের যদি সুযোগ হয়, ক্রিকেট উন্নয়নে আরও কাজ করবো।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.