ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) গভর্নর বোর্ডের জরুরি সভা আহ্বান করেছে।
আজ রবিবার সংস্থাটির প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘ইরানের জরুরি পরিস্থিতির আলোকে, আমি আগামীকাল আইএইএ’র গভর্নর বোর্ডের একটি জরুরি সভা আহ্বান করছি।’
ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ফোর্দোসহ তিনটি ইরানি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার কারণেই এই জরুরি সভা ডাকা হয়েছে। একটি পৃথক পোস্টে আইএইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর এখনো পর্যন্ত তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, ইরানের পরমাণু প্রধান মোহাম্মদ ইসলামি গ্রোসিকে চিঠি লিখে আইএইএ’কে ওয়াশিংটনের পদক্ষেপের নিন্দা জানাতে এবং ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এসলামি গ্রোসির সমালোচনা করে বলেন, তিনি ‘নিষ্ক্রিয়তা’ বজায় রেখেছেন এবং (যুক্তরাষ্ট্রকে) সহযোগিতা করেছেন। ইরান এই বিষয়ে আইনি পথ অনুসরণ করবে বলেও জানান তিনি।
পৃথকভাবে, একজন জ্যেষ্ঠ ইরানি আইনপ্রণেতা সতর্ক করে বলেছেন, হামলার প্রতিক্রিয়ায় তেহরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে যেতে পারে।
রবিবারের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আমেরিকান বাহিনী তিনটি ইরানি পারমাণবিক স্থাপনা- ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানে বোমা হামলা চালিয়েছে। গত ১৩ জুন শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতা তাতে আরও বেড়েছে।

