ঢাবিতে বিতর্কের মুখে সরানো হলো সেই কুশপুতুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে গত বৃহস্পতিবার শেখ হাসিনার কুশপুতুল ফাঁসিতে ঝুলিয়ে প্রতিবাদ জানায় ‘জাগ্রত জুলাই’ নামে একটি সংগঠন। শনিবার হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দিতে এসে ওই কুশপুতুলে জুতা নিক্ষেপ করেন সংগঠনটির নেতাকর্মীরা। একে ‘নারীর প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ’ বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। পরে রাতে প্রক্টরিয়াল বডির সদস্যরা কুশপুতুলটি সরিয়ে নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্য আব্দুল্লাহ জানান, কয়েকজন ব্যক্তি বৃহস্পতিবার এই কুশপুতুল রাজু ভাস্কর্যের পাশে রেখে যায়। সেটি শেখ হাসিনার প্রতিকৃতি বলে সবাই জানে। শনিবার হেফাজতের কর্মীরাও এটাকে শেখ হাসিনার কুশপুতুল ভেবেই জুতা মেরেছে।

টিএসসির চা বিক্রেতা রাসেল মিয়া বলেন, ‘আমরা ২ দিন ধরে এটাকে এখানে দেখছি। সবাই তো শেখ হাসিনার প্রতিকৃতি বলছে। শেখ হাসিনার প্রতিকৃতি দেখে অনেকে ছবিও তুলছে। আজ দেখলাম কয়েকজন লোক জুতাপেটাও করেছে।’

ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘জাগ্রত জুলাই নামে একটি সংগঠন শেখ হাসিনার কুশপুতুল ফাঁসিতে ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে। শনিবার এটি সরিয়ে ফেলা হয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.