কবিতার – বসন্ত দুয়ার
রওশন জাহান সাথী
ওহে নারী,নিজেকে নিজেই তৈরি করো তুমি
সুললিত নয় বজ্রমুস্ঠি হাত চাই,
দেহ-বল্লরীর সাতকাহনে থুতু মারো তাই
স্তাবক দল সুযোগ-সন্ধানে খোলস পাল্টায়।
পুরনো ধারণা দুপায়ে ঠেলে এগোও
স্বাবলম্বী না হলে নেইকো কোন উপায়।
বেগম রোকেয়ার অমোঘ বাণী
আমরা করেছি অবহেলা জানি।
সময় বয়ে যায়,সমাজ চলছে খুঁড়িয়ে,
শিশু,কিশোরী,তরুণীর শরীরে অনাচার
আর কত সহ্য করবে দেশাচার???
উজান বাইতে হবে, হবেই তবে।
নারীর মুক্তি সহজ অতো নয়,
ব্যক্তিত্ব গঠন জরুরি তাই।
অকারণ হাসি তামাশা বড় বেমানান
সমব্যাথী ভাই যারা,আছে সারাক্ষণ।
মনে মনে রচনা করি সাধের সম্পর্ক
মানুষে মানুষে হবে হৃদ্যতা সাম্য,
গুন গুন গাহিব গান যত ভালোবাসার
নারীর সামনে খুলে যাবে বসন্ত দুয়ার।
তারিখ:০৮-০৩-২৫

