মিয়ানমারের সামরিক সরকার ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করবে। জান্তা প্রধানের বরাত দিয়ে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। ওই সময় সেনাবাহিনী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে। যার ফলে একটি প্রতিবাদ আন্দোলন শুরু হয় যা দক্ষিণ-পূর্ব এশীয় দেশজুড়ে জান্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে রূপান্তরিত হয়।
জান্তা নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এরপর নির্বাচন অনুষ্ঠানের জন্য বারবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তার প্রশাসন বারবার জরুরি অবস্থা বাড়িয়েছে।
সমালোচকরা ব্যাপকভাবে প্রতিশ্রুত নির্বাচনকে জেনারেলদের ক্ষমতায় রাখার জন্য একটি প্রহসন হিসেবে উপহাস করেছেন। কারণ কয়েক ডজন রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে এবং জান্তা মিয়ানমারের বিশাল অংশের উপর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।
মিয়ানমারের সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার জানিয়েছে, মিন অং হ্লাইং বেলারুশ সফরের সময় বলেছেন, “আমরা শিগগিরই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছি। ইতিমধ্যেই ৫৩টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের তালিকা জমা দিয়েছে।”
ডিসেম্বরে প্রকাশিত এক আদমশুমারির প্রতিবেদন অনুসারে, জান্তা নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করার জন্য দেশের ৩৩০টি শহরের মধ্যে মাত্র ১৪৫টিতে একটি পূর্ণাঙ্গ আদমশুমারি পরিচালনা করতে সক্ষম হয়েছিল।

