ফ্যাসিবাদের পতনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের পতনে আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা নতুন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব।
শুক্রবার (৩ জানুয়ারি ) দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য, সুন্দর, সুখি, সমৃদ্ধ, প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে। আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করি না। এখানে বারবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।
আত্মসমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সাথে বিরোধে লিপ্ত হয়েছি। কিন্তু সহনশীলতার মধ্যদিয়ে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, অধিকারকে অর্জন করতে পারবো।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের ব্যর্থতা আমরা ৫২ থেকে ৫৩ বছরেও বাংলাদেশকে একটি সুখি, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় দেশ হিসেবে গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি, আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা আবার একটি স্বপ্ন দেখতে শুরু করেছি।
বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিবাদ রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে সেটাকে নিরঙ্কুশ করতে চায়। তারপর দেশে ভয়ভীতির আরেক সিরিয়াস ফোবিয়া তৈরি করে যাতে করে কেউ কোনো কথা না বলতে পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছি। সেই জায়গা থেকে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা নতুন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব।
প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, প্রফেসর আব্দুল জব্বার, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম গোলাম রব্বানী, যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ তসলিম উদ্দিন, দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল হক প্রমুখ।
facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.