শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাইকেল চাকমা।
আজ সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন তিনি।
এ সময় তিনি গুমের সময় যেই গামছা দিয়ে তার হাত বাধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন। মাইকেল চাকমার সঙ্গে ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ।
এর আগে গত ১৮ ডিসেম্বর পাঁচ বছর গুম করে রাখার ঘটনায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ জমা দেন মাইকেল চাকমা। ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে।
মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা।
২০১৯ সালের ৯ এপ্রিল সাংগঠনিক কাজ শেষে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। সে সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করে তার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়। হাইকোর্টে রিট করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার।

