রোহিঙ্গা ইস্যুতে জাতীয় টাস্কফোর্সের সভা 

রোহিঙ্গা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের ৪৬তম সভা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন, বিশ্বব্যাংকের প্রতিনিধি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ডিসেম্বর পররাষ্ট্র সচিব ও জাতীয় টাস্কফোর্সের সভাপতি মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় রোহিঙ্গা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, যেমন: কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পের সমস্যা, অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়ন নিয়ে আলোচনা করা হয়। রোহিঙ্গাদের বাংলাদেশে দীর্ঘদিন অবস্থানের ফলে কী নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে আলোকপাত করা হয়। রোহিঙ্গা ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকার সামগ্রিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ব্যবস্থাপনার দিকটি তুলে ধরা হয়।

রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনই এ সমস্যার একমাত্র সমাধান বলে সভাপতি বিশেষভাবে উল্লেখ করেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

 

সভায় জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। রাখাইনে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ পরিচালিত কর্মসূচি সম্পর্কে জাতিসংঘের প্রতিনিধিরা সবাইকে অবহিত করেন।

 

সভায় রাখাইনে প্রত্যাবাসন সহায়ক পরিবেশ তৈরী করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.