আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ভৈরব থানার পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা চন্দন। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।

ভৈরব মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি (গোয়েন্দা পুলিশ) গত দুই দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না।

Advertisement: 0:13

ওসি বলেন, বুধবার ডিবি তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এ খবর আমাদের জানানো হলে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আরও বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন। তাঁর শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করে পানির ট্যাংকের কাছে চলে যান। শ্বশুরবাড়ির লোকজন এসে ওই জায়গা থেকে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। ইচ্ছা ছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবেন। এরই মধ্যে আমরা তাঁকে গ্রেপ্তার করি। বর্তমানে থানা হেফাজতে তাঁকে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশকে জানানো হয়েছে। পুলিশ চট্টগ্রাম থেকে এলেই তাঁকে হস্তান্তর করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.