মেনোপজ হলো নারীদের জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা সাধারণত মধ্যবয়সে ঘটে এবং মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে চিহ্নিত হয়। যদিও এটি নারীর জীবনের একটি প্রাকৃতিক পরিবর্তন কিন্তু সমাজে এ নিয়ে বিভিন্ন নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও ভুল ধারণা রয়েছে, যা নারীদের জন্য মানসিক চাপ ও সামাজিক বঞ্চনার কারণ হয়ে দাঁড়ায়। কুসংস্কার, ভুল ধারণা ও সামাজিক কলঙ্ক নারীদের জীবনের এই সময়টিকে আরো কঠিন করে তোলে। এই প্রবন্ধে মেনোপজের শারীরিক ও মানসিক প্রভাব, মেনোপজ নিয়ে প্রচলিত সামাজিক কলঙ্ক ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব।
মেনোপজের সময় নারীদের শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে বিশেষ করে হরমোনজনিত বিভিন্ন পরিবর্তন ঘটে, যার ফলে শারীরিক ও মানসিক প্রভাব ফেলে। এস্ট্রোজেন হরমোনের স্তর হ্রাস পাওয়ায় হট ফ্ল্যাশ, রাতে ঘাম, ওজন বৃদ্ধি এবং অনিদ্রার মতো নানা সমস্যা দেখা দেয়। এই সময়ে অনেক নারী উদ্বেগ, বিষণ্ণতা, হতাশা, মেজাজ পরিবর্তন এবং আত্মবিশ্বাসের অভাব এবং অতিরিক্ত আবেগপ্রবণতা অনুভব করেন। এই সব শারীরিক ও মানসিক পরিবর্তন তাঁদের জীবনযাত্রাকে প্রভাবিত করে।
আমাদের সমাজে মেনোপজকে নারীর যৌবন ও কর্মক্ষমতার অবসান হিসেবে দেখা হয়, যা সম্পূর্ণভাবে ভুল। সমাজের অনেকেই মনে করেন, মেনোপজ হওয়া মানে একজন নারীর জীবনের কার্যকর অংশ শেষ হয়ে গেছে। এই দৃষ্টিভঙ্গি নারীদের জন্য অত্যন্ত অপমানজনক এবং তাঁদের আত্মসম্মানে আঘাত করে। মেনোপজকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার যেমন “নারী এখন আর সম্পূর্ণ নন” বা “তাঁর জীবনে আর কিছুই অর্জন করার নেই” ধরনের ধারণা প্রচলিত আছে। এ ধরনের ভুল ধারণা নারীদের শারীরিক এবং মানসিক চাপ বাড়িয়ে দেয়, তাঁদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তাঁদের সামাজিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়।
মেনোপজের সময় নারীরা কর্মক্ষেত্রে অবহেলার শিকার হতে পারেন। অনেক সময় মেনোপজজনিত সমস্যা নিয়ে আলোচনা করাকে লজ্জাজনক বলে মনে করা হয়, ফলে তাঁরা প্রয়োজনীয় সহায়তা পান না। কর্মক্ষেত্রে কিছু নিয়োগকর্তা বা সহকর্মীরা নারীদের শারীরিক সমস্যাগুলোকে গুরুত্ব দেন না এবং তাঁদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন। এ ধরনের বৈষম্য কর্মজীবী নারীদের মানসিক অবস্থা খারাপ করে দিতে পারে এবং তাঁদের কর্মদক্ষতা হ্রাস করতে পারে।
মেনোপজ নিয়ে সামাজিক কলঙ্কের ফলে নারীরা তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা বা মানসিক সহায়তা পান না। অনেক নারী লজ্জা ও সংকোচে মেনোপজের সমস্যা নিয়ে কথা বলতে পারেন না, এবং তাঁদের সমস্যাগুলো সম্পর্কে নীরব থাকেন। এমনকি পারিবারিক জীবনেও তাঁরা সমর্থন না পেয়ে নিজেদেরকে একাকী ও অবহেলিত মনে করেন, যা তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতির দিকে ঠেলে দেয়। এ কারণে তাঁদের মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পায় এবং এর ফলে তাঁদের মানসিক শান্তি ও জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক কলঙ্কের প্রভাবে তাঁরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং তাঁদের আত্মবিশ্বাস হ্রাস পায়।
অনেক পরিবারে মেনোপজ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকায় নারীরা এর সাথে যুক্ত শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে কথা বলতে দ্বিধা বোধ করেন। ফলে তারা পরিবার থেকে প্রয়োজনীয় সহানুভূতি ও সমর্থন পান না। কিছু ক্ষেত্রে, পরিবারের সদস্যরা নারীদের এই সময়টিকে দুর্বলতা বা খারাপ মানসিকতার লক্ষণ হিসেবে মনে করেন, যা তাদের মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়।
এই পরিস্থিতিতে পরিবারের উচিত মেনোপজ সম্পর্কে সচেতন হওয়া এবং নারীদের প্রতি সহানুভূতির সাথে আচরণ করা। মেনোপজ একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং নারীদের জীবনের একটি স্বাভাবিক পর্যায়। পরিবারের সমর্থন ও বোঝাপড়া থাকলে নারীরা এই সময়টি আরও সহজে মোকাবিলা করতে পারেন।
মেনোপজ একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি নিয়ে নেতিবাচক ধারণা দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। মেনোপজ নিয়ে সঠিক তথ্য প্রচার এবং শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সামাজিক কুসংস্কার ও ভুল ধারণাগুলি পরিবর্তন করা সম্ভব। স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা ও কর্মক্ষেত্রে সহযোগিতামূলক নীতিমালা প্রতিষ্ঠা করে মেনোপজকালীন নারীদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা যেতে পারে। এই সময়ে নারীদের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রদানের মাধ্যমে তাঁদের মানসিক চাপ কমানো এবং তাঁদের জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে সহজতর করে তোলা সম্ভব। পরিবার ও বন্ধুদের সহানুভূতি ও সমর্থনও নারীদের মানসিক স্বস্তি ও আত্মবিশ্বাস বজায় রাখতে সাহায্য করে।
অবশেষ, মেনোপজ নারীর জীবনের একটি স্বাভাবিক পরিবর্তন হলেও সমাজের ভুল ধারণা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীদের জীবনের এই অধ্যায়কে আরও জটিল ও কঠিন করে তোলে। মেনোপজ এবং এর সাথে যুক্ত সামাজিক কলঙ্ক নারীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং তাঁদের মানসিক শান্তি নষ্ট করে। তাই মেনোপজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নারীদের প্রতি সমর্থনশীল মনোভাব গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। নারীর জীবনের এই অধ্যায়টি সম্মানের সাথে গ্রহণ করা ও তাঁদের এই যাত্রাকে সহজ করা আমাদের সকলের দায়িত্ব। মেনোপজ কোনো লজ্জার বিষয় নয়, বরং নারীদের জন্য প্রয়োজন এই সময়টিতে সহমর্মিতা ও সমর্থন। আসুন, মেনোপজ নিয়ে সচেতন হই, অযথা সামাজিক কলঙ্ক দূর করি এবং নারীদের এই যাত্রাকে সহজ ও মর্যাদাপূর্ণ করে তুলি।
হুসনা খান হাসি
লন্ডন, ইউকে
০৬/১১/২০২৪

