আন্দোলনের মুখে ঢাকা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগ ঘোষণা

 

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য একদল শিক্ষার্থীর অটোপাস করানোর দাবিতে আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

 

রোববার (২০ অক্টোবর) রাতে তিনি তার পদত্যাগের বিষয়টি গণমাধ্যমের কাছে জানান। সোমবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেবেন বলে তিনি নিশ্চিত করেন।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করবো। সোমবার আমার পদত্যাগপত্র জমা দেব।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় বৈষম্যহীন ফলাফলের দাবিতে রোববার (২০ অক্টোবর) দুপুর থেকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ শুরু করেন একদল পরীক্ষার্থী। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু অকৃতকার্য হওয়া বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের কক্ষে ঢুকে পড়েন এবং প্রকাশিত ফল বাতিলের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না বলে ঘোষণা দেন।

 

এমন পরিস্থিতিতে রাতেও নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় থাকতে দেখা যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.