সোমবার ২২ জুলাই ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী কবি, ছড়াকার, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা মিলিতভাবে বাংলাদেশের সাধারণ ছাত্রদের যৌক্তিক সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমন নীতি ও নিরীহ ছাত্রদের হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও বিক্ষোভ প্রতিধ্বনিত করেন।

প্যারিসের সাইন্স সিটি পার্কের মুক্তাঙ্গনে স্থানীয় সময় বিকাল ৬:৩০ টায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে গত এক সপ্তাহ ধরে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং নিহত ছাত্রদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে আসছেন। গত শনিবার ও রোববার রিপাবলিক চত্বরে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজকের সমাবেশের সঞ্চালনায় ছিলেন নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল। সাংস্কৃতিক কর্মীদের মধ্যে উপস্থিত থেকে সংহতি প্রকাশ ও প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন কবি বদরুজ্জামান জামান, শাহ সোহেল, ছড়াকার লোকমান আহমেদ আপন, আবৃত্তি শিল্পী শর্মিষ্ঠা বড়ুয়া, লেখক ও আবৃত্তি শিল্পী মুহাম্মদ গোলাম মোর্শেদ। বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক রাকিবুল ইসলাম, আহমেদ সেলিম ও কবি আবু জোবায়ের। আবু জোবায়ের তাঁর বক্তব্যে বলেন ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে বর্তমান সরকার জেনো সাইড এর পদক্ষেপ নিয়েছে। এই গণহত্যা বন্ধ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও তিনি সর্বস্তরের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
রাকিবুল ইসলাম , শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

