কোটা আন্দোলনে উত্তপ্ত রাবি, মহাসড়ক অবরোধ

কোটা আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ দাবি জানানো হয়।

আন্দোলনে পপুলেশন সায়েন্সে এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খান বলেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। এই বৈষম্যের অবসান চাই।

শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। 

আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে কয়েকশ’ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে, ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দেয়া সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। একদিন পর এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২১ সালে ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। সেই প্রেক্ষিতে গত ৫ জুন কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এ রায়ের পর ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজপথে আন্দোলন শুরু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.