কেজরীর গ্রেফতারির নিন্দা মমতার, নির্বাচন কমিশনে যাচ্ছে ‘ইন্ডিয়া’,

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে গ্রেফতারির নিন্দা করেছেন। জানিয়েছেন, কেজরীর গ্রেফতারির পর তিনি তাঁর স্ত্রী সুনিতাকেও ফোন করেছিলেন। পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মমতা জানিয়েছেন, শুক্রবার এই সংক্রান্ত অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যাবে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল। তাতে তৃণমূলের দুই সদস্যও থাকবেন।

এক্সে মমতা লিখেছেন, ‘‘জনগণ নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা করছি। আমি সুনিতা কেজরীওয়ালের সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছি এবং পাশে থাকার বার্তা দিয়েছি। বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু বিজেপির সঙ্গে জোটে থাকলে ইডি, সিবিআইয়ের তদন্তে অভিযুক্ত ব্যক্তিরাও ছাড় পাচ্ছেন, দুর্নীতি চালিয়ে যেতে পারছেন। এটা মেনে নেওয়া যায় না। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত।’’

মমতা আরও লেখেন, ‘‘আমাদের ‘ইন্ডিয়া’র সদস্যেরা শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন এবং আদর্শ আচরণবিধি প্রযুক্ত থাকার সময়ে বিরোধী নেতাদের এ ভাবে ‘টার্গেট’ করার বিরোধিতা করবেন। কমিশনের সঙ্গে বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দলে তৃণমূলের তরফে থাকবেন ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক।’’
সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.