ফ্রান্সের প্যারিসে রবিবার ২৫ ফেব্রুয়ারি পঞ্চ কবির গান নিয়ে আয়োজিত হয় সঙ্গীত সন্ধ্যা। স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স আয়োজিত এই সঙ্গীত সন্ধ্যায় গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী তানজীনা তমা ও ফ্রান্সে বসবাসকারী জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী মৌসুমী চক্রবর্তী।
স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দুই রবীন্দ্র সঙ্গীত শিল্পী তানজীনা তমা ও মৌসুমী চক্রবর্তী আয়োজক ও উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। গানের শুরুতে প্রথমেই তাঁরা একসাথে “মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” গানটি পরিবেশন করেন। এরপর মৌসুমী চক্রবর্তী একক ভাবে তিনটি গান ও আবৃত্তি শিল্পী সাইফুল ইসলামের সাথে গান ও আবৃত্তির ফিউশন পরিবেশন করেন। এরপরই রবীন্দ্র সঙ্গীত শিল্পী তানজীনা তমা এককভাবে নয়টি গান পরিবেশন করেন।

উল্লেখ্য যে শিল্পী তানজীনা তমা সঙ্গীত চর্চা করেন শিশু কাল থেকেই প্রায় ৪০ বছর ধরে। তাঁর প্রতিভা ছড়িয়ে পড়েছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে। দেশ ও বিদেশে তাঁর লাখো দর্শক শ্রোতা। নিয়মিতই গানের জন্য তাঁকে বিশ্বের নানা প্রান্তে দর্শকদের আমন্ত্রণে যেতে হয়। কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছিলেন তাঁর গান পরিবেশনের জন্য। এবার ভাষা দিবস উপলক্ষ্যে নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এসেছেন, এরপরই ফ্রান্সে ছুটে আসতে হয় দর্শকদের আমন্ত্রণে। এই শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘মধুযামিনী’ প্রকাশিত হয় ২০১১ সালে। তাঁর গাওয়া নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত নিয়ে সাজানো হয় এই অ্যালবাম। ছায়ানটে শিক্ষকতার পাশাপাশি সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে গড়ে তুলেছেন ‘বিভাস’ নামের এক ভিন্নধর্মী স্কুল। এছাড়াও তিনি ভালো লাগার থেকে অনুষ্ঠান উপস্থাপনার কাজ করছেন সফলতার সাথে।
অপর রবীন্দ্র সঙ্গীত শিল্পী মৌসুমী চক্রবর্তী স্কুল জীবন থেকে সিলেট বেতারের রবীন্দ্র সংগীত বিভাগের নিয়মিত শিল্পী ও ২০০৭ সাল থেকে বিটিভির রবীন্দ্র সঙ্গীত বিভাগের নিয়মিত শিল্পী হিসেবে কাজ করেন। রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন থেকে জাতীয় পুরস্কার অর্জন করেছেন। ফ্রান্সে তরুণ মিউজিক ডিরেক্টর রাকিবুল ইসলামের পরিচালনায় মৌসুমী চক্রবর্তীর একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয় ২০২২ সালে। এছাড়াও প্রকাশ রায় পরিচালিত ‘Illusion d’une promenade’ নামক একটি তথ্যচিত্রে একটি প্লেবেক করেন।

স্বরলিপি আয়োজিত পঞ্চ কবির গান নিয়ে এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থেকে শিল্পীদের অনুপ্রাণিত করেছেন যথাক্রমে মুনসুর চৌধুরী-
কেন্দ্রীয় সমন্বয়কারী কানেক্ট বাংলাদেশ, শেখ সাদী রাহমাতুল্লাহ- সভাপতি বাংলাদেশ ভিউ, হাসনাত জাহান- বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং উপদেষ্টা বাংলাদেশ ভিউ, মিয়া মাসুদ রহমান- চেয়ারম্যান বিডি ফার্নিচার, সুব্রত ভট্টাচার্য- আহবায়ক ২১ উদযাপন পরিষদ এবং
সহ-সভাপতি ফ্রান্স আওয়ামীলীগ, প্রকাশ রায়- সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটি, রাহুল চৌধুরী ও মাসুম রহমান- সমন্বয়ক কালচারাল সংগঠন রং, রিয়াজ আহমেদ জুয়েল- সভাপতি বাউল মেলা ফাউন্ডেশন, বিশিষ্ট সংগীত- শিল্পী আরিফ রানা এবং কুমকুম রানা, সিবুলি বড়ুয়া- আন্তর্জাতিক শিল্পকলা একাডেমি, অনুভব বড়ুয়া- বিশিষ্ট তবলা বাদক, দেবেশ বড়ুয়া- সভাপতি ফ্রান্স বাংলা প্রেসক্লাব।

