ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকিকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই বক্তব্যকে খুবই অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে তারা। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
এর আগে সোমবার চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। তিনি তার বক্তব্য নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন।
এ প্রসঙ্গে গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বিষয়টিকে তিনি বড় পরিসরে বলতে চান। সেটি হচ্ছে, মার্কিন কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, এই ধরনের সহিংস বক্তব্য খুবই অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ। তারা আশা করেন, যেকোনো স্বাগতিক দেশের সরকার মার্কিন কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এ প্রসঙ্গ ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন বেদান্ত প্যাটেল।
একই সাংবাদিক ২০১৪ ও ২০১৮ সালের মতো ক্ষমতাসীন দলের ‘একতরফা’ নির্বাচনের চেষ্টা এবং বিরোধীদের গ্রেপ্তার নিয়ে আরেকটি প্রশ্ন করেন। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, তিনি বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলবেন না। তবে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রার্থী বা দলকে সমর্থন করেন না। তাদের আশা-আকাঙ্ক্ষা হলো, বাংলাদেশের আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। সে জন্য তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

