দণ্ডিত বিএনপির সাবেক দুই এমপিসহ পাঁচজন কারাগারে

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button

রাজধানীর ভাটারা থানায় করা নাশকতার মামলায় দণ্ডিত বিএনপি ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকনসহ ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আত্মসমর্পণের পর মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর তিন আসামি হলেন- বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম ও বিএনপি নেতা মনিরুল হক।

এর আগে ৯ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের চার বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় পলাতক থানায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

রায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে।

এ ছাড়া অগ্নিসংযোগ করে ক্ষতি সাধনের অভিযোগে আরও দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে ২০১৫ সালের ৪ জানুয়ারি যমুনা ফিউচার পার্কের বিপরীতে প্রগতি সরণীতে বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী জনসাধারণের চলাচলে গতিরোধ, পুলিশের কাজে বাধা ও বাসে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ভাটারা থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলা তদন্ত করে ওই বছরের ১২ মে হাবিবুর রহমান হাবিবসহ ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ভাটারা থানার উপপরিদর্শক শাহ মো. সাজু মিয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.