বিরুদ্ধে বলায় সাবেক অধিনায়ক রাকিবুল বিসিবি’র কাঠগড়ায়

এবার বিসিবি’র তোপের মুখে সাবেক অধিনায়ক ও চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান। একাধিকবার সতর্ক করার পরও প্রকাশ্যে ক্রিকেট বোর্ডের সমালোচনা করায় তার ওপর ক্ষুদ্ধ বোর্ড কর্তারা। আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে তাকে তলব করা হয়েছে বিসিবি কার্যালয়ে। আসতে পারে কঠিণ সিদ্ধান্তও।

প্রকাশ্যে বিসিবি’র সমালোচনা করা রকিবুলের জন্য নতুন নয়, করে আসছেন বরাবরই। নানা কর্মকাণ্ডে বিভিন্ন সময় চাঁছাছোলা মন্তব্য করতে দেখা গেছে। এবার এশিয়া কাপের দল নির্বাচন ও মাহমুদউল্লাহর বাদ পড়াসহ বোর্ডের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ্যে সমালোচনা করেন রাকিবুল।

বিসিবিতে কর্মরত অবস্থায় এ ধরনের আচরণ বিধির লঙ্ঘন আইন পরিপন্থী। বিসিবি থেকে এর আগেও মৌখিকভাবে সতর্ক করা হয় তাকে। কিন্তু সেসবে কর্ণপাত করেননি তিনি। তার এমন কাণ্ডে বিব্রত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। যে কারণে রাকিবুলকে জবাবদিহি করতে ডেকেছে বিসিবি।

এই সম্পর্কে বিসিবি’র এক পরিচালক বলেন, ‘প্রথমবার যখন উনি আমাদের কোচসহ বোর্ডের বিরুদ্ধে বক্তব্য দেন, আমরা তার সাথে যোগাযোগ করি। উনি তখন আর কথা বলবেন না বলে জানান। কিন্তু এরপরও থামেননি তিনি। বিষয়টি বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত গড়ায়। এখন বোর্ড তাকে আনুষ্ঠানিকভাবে তলব করে জিজ্ঞেস করবে।’

শুধু রাকিবুল নয়, আলোচনায় আছেন বিসিবি’র আরো একজন ম্যাচ রেফারি। তিনি দেবব্রত পাল। দীর্ঘদিন যাবৎ যিনি ক্রিকেটারদের একমাত্র সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

সাম্প্রতিক সময়ে ‘ক্রিকেট অঙ্গন’ নামের ব্যানারে সরকার বিরোধি মিছিলে অংশ নেয়ায় বিসিবি তলব করে তাকে। তবে সেই ডাকে সাড়া না দিয়ে নিজে থেকেই পদত্যাগ করে বসেন দেবব্রত।

দুই সিনিয়র ম্যাচ রেফারির এমন কাণ্ডে বিব্রত অন্যান্যরাও। এর শাস্তি ভোগ করতে হচ্ছে তাদেরও। রকিবুল হাসান ও দেবব্রতর এমন কাণ্ডে সবার চুক্তি নবায়ন আটকে আছে। সাধারণত প্রতি বছর জুলাই মাসে নতুন চুক্তি করা হয়ে থাকে। যা এবছর এখনো হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.