চুমু খাওয়ার কাণ্ডে রুবিয়ালেস ইস্তফা দিন: ফেডারেশন

স্পেনের ফুটবল ফেডারেশনের আঞ্চলিক সভাপতিরা বৈঠক করে রুবিয়ালেসকে ইস্তফা দিতে বলেন।

এবার মেয়েদের বিশ্বকাপ জিতেছে স্পেন। তার পুরস্কারমঞ্চে ছিলেন রুবিয়ালেস। সেখানেই তিনি স্পেনের নারী ফুটবলার জেনি হারমোসোকে জোর করে চুমু দেন। তারপর থেকে এই চুমু দেয়া কাণ্ড নিয়ে আলোড়িত ফুটবল-দুনিয়া।

জেনি হারমোসো দাবি করেন, তার ইচ্ছার বিরুদ্ধে রুবিয়ালেস চুমু দিয়েছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুরো দল তার পাশে দাঁড়িয়ে বলেছে, ব্যবস্থা না নিলে তারা আর কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। জাতীয় দলের পুরুষ ফুটবলাররাও নারীদের সমর্থন করছেন। তারপরেও স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেস গোঁ ধরে বসে আছেন, তিনি ইস্তফা দেবেন না। এই পরিস্থিতিতে স্পেনের ফুটবল ফেডারেশনের আঞ্চলিক সভাপতিরা পরপর দু’বার বৈঠক করেছেন। তারপর তারা বলেন, রুবিয়ালেসকে ইস্তফা দিতে হবে।

এক বিবৃতিতে তারা বলেন, রুবিয়ালেসের এই ব্যবহার তারা মেনে নিতে পারছেন না। এর ফলে স্পেনের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। তাই অবিলম্বে তিনি যেন ইস্তফা দেন।

আঞ্চলিক সভাপতিরা বলেন, ফেডারেশনের সংগঠনে আমূল বদল দরকার। অনেক দিন থেকেই ফুটবলার ও প্রশাসকরা এই দাবি করছেন। এবার সেই কাজ করাটা জরুরি বলে আঞ্চলিক সভাপতিরা জানিয়েছেন।

জার্মানির সাবেক গোলকিপার এবং দু’বার বিশ্বকাপ জেতা টিমের সদস্য নাডিন আঙ্গাহা জানিয়েছেন, এই ঘটনার ফলে নারী ফুটবলারদের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যা ঘটেছে তা খুবই খারাপ।

তিনি বলেন, অনেক দিনের প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে নামে কোনো দল। তারপর তারা যখন কাপ জেতে, তখন তাদের কাছে তা অনেক বড় সাফল্য। তারা সেই সাফল্য নিয়ে উদ্বেলিত হবে, তা নয়, সকলের মুখে শুধু চুমুকাণ্ডের কথা।

আমেরিকার একটি দলের গোলকিপার কোচ নাডিন জানিয়েছেন, সব ফুটবলার ও ক্রীড়াবিদ স্পেনের নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন দেখে সকলে আশ্বস্ত বোধ করছেন। বিশেষ করে তিনি যে ফুটবলারদের কোচ, তারা মনে করছেন, এই ঐক্যটা জরুরি। তবে এই ঘটনায় মানসিকভাবে তারা ধাক্কা খেয়েছেন।

সূত্র : ডয়েচে ভেলে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.