ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন হামলার ঘটনায় আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, আমি মাটিতে পড়ার পরও আমাকে মেরেছে। কিন্তু ওখানে বিজিবির একটি গাড়ি ছিল। আমি দৌড়ে তাদের কাছে গিয়েছিলাম। কিন্তু তারা গাড়ি থেকে নামেনি। তারা কেন নামলো না। এই বিষয়টি ডিবিতে তদন্ত করতে বলব।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের ভেতরে সাংবাদিকদের এসব কথা বলেন হিরো আলম। হামলাকারীদের শনাক্ত করতে ডিবি কার্যালয়ে যান তিনি।
হিরো আলম বলেন, আমার উপরে হামলার ঘটনায় ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে। এই আসামিদের ছবি আমাকে দেখানো হয়েছে। তারাই আমাকে মেরেছে। আরও ৪-৫ জন বাকি আছে।
তাদের আজকের মধ্যে ধরা হবে। ডিবি অল্প সময়ে আসামিদের ধরেছে। তাদের ধন্যবাদ।
উপনির্বাচনে তার উপর হামলার প্রসঙ্গে টেনে তিনি বলেন, আমি হিরো আলম মারাও যেতে পারতাম। এই নির্বাচন নির্বাচন করে অনেক মায়ের বুক খালি হয়েছে। যারা ক্ষমতাসীন দলের লোক তারা ক্ষমতাতেই থাকবে। মাঝখানে কিছু মা তার সন্তানকে হারিয়েছে। স্ত্রী তার স্বামীদের হারিয়েছে। তাই এই নির্বাচন নিয়ে যেনো কোনো মায়ের কোল খালি না হয় তাদের এমন শাস্তি দিবেন।

