লিঙ্গ বদলাতে চান বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য। তিনি লিঙ্গ পরিবর্তন করে ‘সুচেতন’ হতে চান। এ বিষয়ে আইনি পরামর্শও নিতে শুরু করেছেন তিনি, যোগাযোগ করেছেন মনোবিদের সঙ্গেও।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সুচেতনা বলেছেন, ‘আমার পিতৃ-মাতৃ পরিচয় বা পারিবারিক পরিচয়টি বড় কথা নয়। আমি এটি করছি আমার এলজিবিটিকিউ+ আন্দোলনের অংশ হিসেবে। একজন ট্রান্সম্যান হিসেবে প্রতি দিন আমায় যে সামাজিক হেনস্থা হতে হয়, সেটি আমি বন্ধ করতে চাই।’

তিনি বলেন, ‘আমি প্রাপ্তবয়স্ক। আমার বয়স এখন ৪১ বছরের বেশি। ফলে আমি আমার জীবন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিজেই নিতে পারি। এই সিদ্ধান্তও সেভাবেই নিচ্ছি। দয়া করে আমার বাবা-মাকে এর মধ্যে টেনে আনবেন না। এখন নিজেকে যিনি মানসিক ভাবে পুরুষ মনে করেন, তিনিও পুরুষ। যেমন আমি। আমি নিজেকে মানসিকভাবে পুরুষ বলেই মনে করি। আমি এখন সেটা শারীরিক ভাবেও হতে চাই।’

সুচেতনা জানিয়েছেন, সুচেতনার শৈশব থেকেই তার এ সমস্যার কথা জানেন বুদ্ধদেব ভট্টাচার্য। ফলে তিনি মনে করেন, তার বাবা এই সিদ্ধান্তে সমর্থনই করবেন।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর মেয়ে হওয়ায় এই বিষয়টি নিয়ে যে ‘জলঘোলা’ হতে পারে, সে সম্পর্কেও ভাবছেন সুচেতনা। কিন্তু তিনি তা নিয়ে ভয় পাচ্ছেন না বলেই জানিয়েছে তার ঘনিষ্ঠজনরা। এমনকি, ঘনিষ্ঠমহলে সুচেতনা জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি ‘পদবিবিহীন’ হয়ে শুধু ‘সুচেতন’ও হয়ে যেতে পারেন। কারণ, সুচেতনার সঙ্গে ‘ভট্টাচার্য’ পদবি জুড়লেই বিতর্ক দেখা দেওয়ার শঙ্কা বেশি।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.