ভিসা নীতি আমাদেরও থাকতে পারে, অপেক্ষায় থাকুন : ওবায়দুল কাদের

বিবএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণার বিষয়ে মার্কিন ভিসানীতি কি কাজ করে তা দেখবেন বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির লক্ষ্যে হচ্ছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর বিএনপি বলছে, দেশে নির্বাচন করতে দেবে না তারা। এ কথা বলার পরও মার্কিন ভিসানীতি কেন এখানে নেই? এ ব্যাপারে মার্কিন ভিসানীতি কী কাজ করে এটা আমরা দেখব। এ নীতি এখানে অন্ধ হয়ে থাকবে নাকি বধির হয়ে থাকবে? নাকি বাস্তব কোনো পদক্ষেপ নেবে। আজ দুপুরে গাজীপুরের টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ভিসা নীতি করুক তাতে আমাদের কিছু যায়-আসে না। ভিসা নীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি, অপেক্ষায় থাকুন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হয়। বিএনপির যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে, তারাই আবার দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ আনছে।’
সেতুমন্ত্রী বলেন, বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলের আহ্বানে জনগণের সম্পৃক্ততায় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই। অনেক চেষ্টা করেছে।

কিন্তু করতে পারেনি।

 

ওবায়দুল কাদের বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্প সমাপ্ত করে উদ্বোধনের দিকে এগিয়ে যাচ্ছি। এছাড়া আগামী নির্বাচনের আগে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে পারব। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত করতে পারব। এর মধ্যে টানেল প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.