সুদান থেকে দেশে ফিরলেন ১৩৬ বাংলাদেশি

 

 

সংঘাতপূর্ণ সুদানের খার্তুম থেকে জেদ্দা হয়ে নিরাপদে দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশি। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। জেদ্দা এয়ারপোর্ট থেকে রোববার দিবাগত রাত ১টায় বিমান বাংলাদেশের ফ্লাইটটি এসব বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করে।

এর আগে পোর্ট সুদান থেকে প্রথম দফায় ৭০ বাংলাদেশি নাগরিককে নিয়ে সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইট রোববার দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছায়। এদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়। পরে দ্বিতীয় দফায় বিকালে সৌদি এয়ারফোর্সের আরেকটি বিশেষ ফ্লাইট ৬৬ জন বাংলাদেশিকে নিয়ে জেদ্দায় পৌঁছায়।

গত ৩রা মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৭৫ বাংলাদেশিকে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়। দুই দফায় মোট ১৩টি বাসে করে তাদের সেখানে নেওয়া হয়।

সুদান থেকে বাংলাদেশিদের প্রত্যাবাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ট্রাভেল পারমিট ইস্যু ও জাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের জেদ্দায় নিতে কিছুটা সময় লাগছে। তবে বাকিদেরও দেশে ফেরানোর প্রচেষ্টা চলমান আছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.