আমাদের জীবনের নিরাপত্তা নেই: জিএম কাদের

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, বঙ্গবাজারের ব্যবসায়ীরা সারা বছর ঈদের জন্য অপেক্ষা করে থাকেন। ঈদের আয় দিয়ে তারা সারা বছর সংসার চালান। নিজের সব পুঁজি, স্বল্পসময়ের জন্য উচ্চহারের সুদে টাকা নিয়ে ঈদের বাজারের জন্য মালামাল কেনাকাটা করেন। হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে সব দোকান ভস্মীভূত হয়ে গেছে।

‘৪ হাজারের ওপরে দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন দুই হাজার কোটি টাকার মালামাল পুড়ে একদিনেই তারা ফকির হয়ে গেছেন। দুর্যোগে যারা কষ্ট পাচ্ছেন, আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি সরকারের কাছে আবেদন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। দরকার হলে বিনা সুদে অথবা স্বল্পসুদে তাদের ঋণ দিতে হবে।’

মঙ্গলবার হোটেল ইম্পেরিয়াল মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে কেউ ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারছে না। আমরা সাহায্য দিতে বলেছি, দেখা যাবে এমন লোককে সাহায্য দেওয়া হচ্ছে এখানে যার দোকানই নেই। যারা সরকারি দল করেন, তারাই সাহায্য ও ঋণ পাবেন। আবার যার ঋণ দরকার তিনি পাবেন না। অথবা ঋণ পেতে হলে অর্ধেক টাকা ঘুস হিসেবে দিতে হবে। দুঃখের বিষয়- এমন বাংলাদেশের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। ভুক্তভোগীরা দুঃখে-কষ্টে যাদের কাছে পাবে তারা লুটপাট করবে।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ৩২ বছরেও আওয়ামী লীগ ও বিএনপি ঠিক করতে পারেনি কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে। আওয়ামী লীগ চায় কোন পদ্ধতিতে ক্ষমতায় থাকা যাবে। আর বিএনপি চায় তাদের নেতার মুক্তি আর কীভাবে ক্ষমতায় যাওয়া যাবে। দেশের মানুষের জন্য তাদের কোনো চিন্তা নেই।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনায় অংশ নেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল, কেন্দ্রীয় নেতা মো. খোরশেদ আলম খুশু, মো. মাহবুবুর রহমান খসরু, মো. শাহজাহান মিয়া।

উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল ইসলাম ওমর এমপি, খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, জাহাঙ্গীর আলম পাঠান, লুৎফর রেজা খোকন, এইচএম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, বেলাল হোসেন, আব্দুল হামিদ ভাসানী, সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল দাস, নাসির উদ্দিন সরকার, মো. হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, সুলতান মাহমুদ প্রমুখ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.