দুবাইয়ে স্ত্রী সন্তানদের খুন করে আত্মঘাতী হলেন ভারতীয় যুবক

স্ত্রী এবং সন্তানদের খুন করে নিজেও আত্মঘাতী হলেন যুবক। দুবাইয়ে প্রবাসী এই ভারতীয় পরিবারের মর্মান্তির পরিণতির কথা প্রকাশ্যে এসেছে। কেন এই খুন, কেনই বা আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

দুবাইয়ের আল বুহাইরায় একটি বহুতলে থাকতেন ওই যুবক। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে সেখানেই সংসার পেতেছিলেন। স্থানীয়েরা জানান, মাস ছয়েক হল ওই আবাসনে থাকছিলেন তাঁরা। যুবকের সন্তানদের এক জনের বয়স ৪ এবং অন্য জনের বয়স ৮।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ বহুতলের ১২ তলার ফ্ল্যাট থেকে নীচে ঝাঁপ দেন যুবক। পুলিশ জানিয়েছে, তারা খবর পেয়েই চিকিৎসকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। যুবকের দেহে তখনও প্রাণ ছিল। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। তাঁর পকেট থেকে একটি চিরকূট পান তদন্তকারীরা। তাতেই লেখা ছিল, তিনি স্ত্রী এবং দুই সন্তানকে খুন করেছেন। ঘরেই তাঁদের দেহ রয়েছে। দেহগুলির যথাযথ সৎকারের বন্দোবস্ত যাতে করা হয়, সেই অনুরোধও চিরকুটে জানিয়েছিলেন যুবক।

কী কারণে আপনজনদের খুন করে নিজেও আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন দুবাইয়ে প্রবাসী ভারতীয় যুবক, তা খোলসা করেনি পুলিশ। তদন্তের পরেই তা জানা যাবে।

পরিসংখ্যান বলছে, ৩৮ লক্ষের বেশি ভারতীয় বাস করেন দুবাইতে। যা ওই দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৮ শতাংশ। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.