রাজবাড়ীর বিএনপি নেত্রী সোনিয়ার জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

 

অবশেষে জামিন পেলেন রাজবাড়ীর মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি। প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় তার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ তার জামিন বহালের আদেশ দেন। এর ফলে সোনিয়ার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে সোনিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

এর আগে গত বছরের ২৮শে নভেম্বর প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেওয়া জামিন শুনানি মুলতবি করেন আপিল বিভাগ।

উল্লেখ্য, গত বছরের ৩১শে আগস্ট প্রধানমন্ত্রীকে নিয়ে নিজের ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন সোনিয়া। ফেসবুকে স্মৃতির করা এক মন্তব্যের পর রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে গত ৪ঠা অক্টোবর মামলা করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী। এরপর ৫ অক্টোবর রাতে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার বেড়াডাঙ্গা ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে সোনিয়াকে গ্রেপ্তার করা হয়। সোনিয়ার স্বামী রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা মো. খোকন একজন প্রবাসী। সোনিয়া রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.