চীনের প্রেসিডেন্টকে আলোচনার প্রস্তাব দিলেন জেলেনস্কি

গত ১১ মাস ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক আগ্রাসন। দিনে দিনে এটি আরও ভয়াবহ হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার মিত্ররাষ্ট্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার জেলেনস্কি চীনের নেতা শি জিনপিংকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লিখেছেন। চিঠিটি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে চীনা প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার জেলেস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা জানিয়েছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার শি জিনপিংয়ের সঙ্গে এই আশায় যোগাযোগ করার চেষ্টা করেছেন যে, ইউক্রেনে আগ্রাসন বন্ধে বেইজিং হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তার প্রভাব ব্যবহার করবে।

এ বিষয়ে জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা বলেন, ‘এটি একটি ইঙ্গিত এবং সংলাপের আমন্ত্রণ। আমি খুব আশাবাদী যে, এই আমন্ত্রণে সাড়া পাব।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার জন্য বেইজিং সফর করেছিলেন। তবে ঠিক সেই সময়ই রাশিয়ার সামরিক বাহিনীর ট্যাংকগুলো ইউক্রেনের সীমান্তে জড়ো হচ্ছিল। উভয় নেতা সেই সময় তাদের অংশীদারত্বে ‘কোনো সীমা’ না রাখার ব্যাপারে সম্মত হন।

আর তার কিছু দিন পরই ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। অবশ্য ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বেইজিং নিজেকে নিরপেক্ষ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে, একই সময়ে মস্কোর সঙ্গে বিশেষ করে জ্বালানি খাতে সম্পর্ক গভীরতর করেছে।

তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ইউক্রেনে লড়াই বন্ধে আলোচনার জন্য চীন শেষ পর্যন্ত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.