মালয়েশিয়ায় জাহাজের কনটেইনার থেকে বাংলাদেশি কিশোর উদ্ধার

চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়া যাওয়া একটি জাহাজের খালি কনটেইনার থেকে এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে আনুমানিক ১৫ বছর বয়সী ওই কিশোরকে উদ্ধার করে বলে জানায় কেলাং বন্দরের স্থানীয় কর্তৃপক্ষ।

গতকাল বুধবার এম ভি ইন্টিগ্রা জাহাজের বাংলাদেশি এজেন্ট কন্টিনেন্টাল ট্রেডার্স (বিডি) লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এসএম ফয়সাল এ তথ্য নিশ্চিত করেন।

মার্শাল আইল্যান্ড পতাকাবাহী এম ভি ইন্টিগ্রা জাহাজটি গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয় এবং গত সোমবার সকালে মালয়েশিয়ার পোর্ট কেলাং পৌঁছায়। কিশোরটি বাংলাদেশি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। সে লুকিয়ে কনটেইনারে ঢুকে পড়ে এবং কেলাং পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। ওই কিশোর বর্তমানে কেলাংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.