নির্বাচনবিহীন সরকার রাষ্ট্রের দুর্ভাগ্য: আ স ম রব

‘নির্বাচনবিহীন সরকার রাষ্ট্রের দুর্ভাগ্য’-মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতিই হচ্ছে সরকারের ক্ষমতার একমাত্র বৈধ উৎস। কিন্তু গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন থেকে জনগণকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ফলে দেশ পরিচালিত হচ্ছে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ও সম্মতিবিহীন কর্তৃত্ববাদী সরকার দ্বারা।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর জনগণের মালিকানার ভিত্তিতে কেবল সর্বজনীন ভোটাধিকার সরকারব্যবস্থা প্রবর্তনের মূলশক্তি হিসেবে সংবিধানে ঘোষিত হয়। কিন্তু ক্ষমতাসীনরা ক্ষমতার অতি লোভে তা ক্রমাগত ধ্বংস করে ফেলেছে।’

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ ডিসেম্বর উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ‘জনগণের কর্তৃত্বকে অস্বীকার করে ক্ষমতা ধরে রাখার অপরাজনীতি মুক্তিযুদ্ধের রাষ্ট্রে আর চলতে দেওয়া যায় না। বর্তমান সরকারকে বিদায় করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ ঘটিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্রের বিনির্মাণ করতে হবে। এ লক্ষ্যেই সরকারের অপসারণসহ সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীন নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের অনিবার্যতায় ১০ দফা উত্থাপন করা হয়েছে।’

জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহসভাপতি এ কে এম মিজানুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনছার উদ্দিন, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ ইউসুফ, মোশারফ হোসেন মন্টু, মো. মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সি, কামাল উদ্দিন মজুমদার সাজু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.