‘তথ্য গোপন করবেন না’! চীনকে সতর্ক করল হু

চিন জুড়ে করোনাভাইরাসের নতুন উপরূপের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। পাশাপাশি সংস্থার আশঙ্কা, করোনা সংক্রান্ত তথ্য গোপন করতে পারে শি জিনপিংয়ের দেশ। হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বৃহস্পতিবার বলেন, ‘‘আশা করছি, চিন এ সংক্রান্ত তথ্য দেবে এবং আমাদের সুপারিশগুলি পর্যালোচনা করে দেখবে।’’

কোভিড সংক্রমণের উৎস সম্পর্কে অনেক তথ্যই এখনও পর্যন্ত সামনে আসেনি বলে জানান টেড্রস। প্রসঙ্গত, সে দেশের অতিমারি-পরিস্থিতি সম্পর্কে খুব সামান্য তথ্যই প্রকাশ্যে এসেছে। উহানে চিনের সরকারি পরীক্ষাগারে নোভেল করোনাভাইরাস তৈরি হয়েছিল বলে অভিযোগ উঠলেও চিন বরাবরই তা অস্বীকার করে এসেছে। এ সংক্রান্ত তথ্যও তারা প্রকাশ্যে আনেনি বলে অভিযোগ পশ্চিমি সংবাদমাধ্যমের একাংশের। ভাইরাস বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই শীতে তিনটি কোভিড-ঢেউ আছড়ে পড়তে চলেছে চিনে।

করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর কারণেই চিন জুড়ে শুরু হয়েছে নয়া সংক্রমণ-পর্ব। এই পরিস্থিতিতে টেড্রস জানিয়েছেন, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর টিকাকরণের কাজ শেষ করার জন্য তাঁরা বেজিংকে প্রয়োজনীয় সহায়তা করবেন। সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতা পালনের বিষয়েও বেজিংয়ের কাছে আবেদন জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.