ডাণ্ডাবেড়ি পরে মায়ের জানাজা: সেই নেতার বাড়িতে  গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা

messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

হাতকড়া ও ডাণ্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়া বিএনপি নেতা আলী আজম খানের গ্রামের বাড়িতে এসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা।

তিনি শুক্রবার দুপুর ১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের পাবুরিয়া চালায় গ্রামের আজমের বাড়িতে এসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল, পৌর মেয়র মুজিব রহমান প্রমুখ।

এ উপলক্ষ্যে সেখানে এক সংক্ষিপ্ত শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. শফিকুল ইসলাম, বোয়ালখালী ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম,  আলাউদ্দিন সরকার, আলামিন দেওয়ান, অ্যাডভোকেট জাকির হোসেন নোমান, আবুল হোসেন মাস্টার, জালাল উদ্দিন, ছানোয়ার হোসেন, আবিদুর রহমান খোকন, শহিদুল ইসলাম প্রমুখ।

আলী আজমের ছোট ভাই আতাউর রহমান জানান, তার ভাইকে ২ ডিসেম্বর গ্রেফতার করে নিয়ে যায় কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় জানতে চাওয়া হয় আলী আজম খানের অপরাধ কি? তখন পুলিশ তাদের জানায়, তার বিরুদ্ধে আওয়ামী লীগ অফিস ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে। পরে আদালতে খোঁজ নিয়ে এবং মামলার নথিপত্র তুলে দেখা যায় আলী আজমের কোনো নাম নেই। কিন্তু মামলায় নাম না থাকলেও আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন।

তিনি জানান, মায়ের শেষ ইচ্ছা ছিল ভাই যেন তার জানাজা পড়ান। এ কারণেই মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্তি চাওয়া হয়। মায়ের ইচ্ছে অনুযায়ী ভাই জানাজা পড়ান। কিন্তু হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন তিনি। কিন্তু শত অনুরোধ করেও হাতকড়া ও ডাণ্ডাবেড়ি খোলানো যায়নি।

তিন ঘণ্টার জন্য মুক্তি পেলেও তিনি মাত্র এক ঘণ্টার মতো ছিলেন। তিনি পানি পান করতে চেয়েছিলেন কিন্তু তাকে পানি খেতে দেয়নি। দাফনের পরই পুলিশ তাকে নিয়ে যায়।

আলী আজমের স্ত্রী মাহবুবা আক্তার লিপি বলেন, জামিনের চেষ্টা করেছি, কিন্তু জামিন হচ্ছে না। আমরা অতিদ্রুত আদালতের নিকট এ মিথ্যায় আটক আলী আজমের মুক্তি দাবি করছি।

এ মামলায় উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন জেলহাজতে রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.