সৌদির বিপক্ষে মাঠে নামতেই রেকর্ড হয়ে যাবে মেসির

রেকর্ড আর মেসি যেন সমার্থক শব্দ। আর্জেন্টাইন খুদেরাজের ক্যাবিনেটে সম্ভাব্য সব শিরোপাই আছে, বাকি শুধু একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই কাতারে পা রেখেছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার।

মেসি কি পারবেন বিশ্বকাপ জিতে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পাশে বসতে? সেই পথ এখনও বেশ দূর। তবে সৌদি আরবের বিপক্ষে আজ (মঙ্গলবার) প্রথম ম্যাচে মাঠে নামতেই ম্যারাডোনাকে পেছনে ফেলে নতুন এক রেকর্ড গড়া হয়ে যাবে মেসির এবং সেটা প্রথম আর্জেন্টাইন হিসেবে।

এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মতো বড় আসরে খেলছেন মেসি। তিনিই আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি পাঁচটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এর আগে ম্যারাডোনা আর হাভিয়ের মাচেরানো দেশের হয়ে ৪টি করে বিশ্বকাপ খেলেছেন।

৩৫ বছর বয়সী মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। গত বছর তিনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জিতিয়েছেন। ২০১৪ সালে বিশ্বকাপ ছোঁয়ারও দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন।

কিন্তু জার্মানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। মেসি এবার কি পারবেন আরাধ্য বিশ্বকাপ ট্রফি ছুঁতে?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.