মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী জেলে আহত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মোহাম্মদ কাসেম (৩৮) নামের এক বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপের গোলাচর এলাকায় নাফ নদ এলাকায় এ ঘটনা ঘটে।

কাসেম টেকনাফের নাইট্যং এলাকার মৃত মনো মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ জানান, ‘সকালে স্থানীয় কাসেমসহ চার জেলে মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকেলে ফেরার সময় বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে। এ সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ জেলেকে দ্রুত মাঝি-মাল্লারা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত চিকিৎসক খানে আলম জানান, ‘বিকেলে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.