বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে রিজার্ভে রয়েছে ৩৪ দশমিক ২১ বিলিয়ন ডলার। তবে আইএমএফের হিসাব মূল্যায়ন করলে তা দাঁড়াবে ২৫ দশমিক ৮১ বিলিয়ন ডলারে। এটি গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন।
এর আগে ২০১৪-১৫ অর্থবছরে রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে দেশে প্রতি মাসে আমদানির জন্য ৭ বিলিয়ন ডলারের বেশি খরচ করছে সরকার। অর্থাৎ এখন যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে সাড়ে তিন মাসের আমদানি দায় পরিশোধ করা যাবে। যদিও রিজার্ভ সব সময় সব আমদানির ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আর সরকারিভাবে অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
চলতি অর্থবছরের প্রথম দিকে আমদানি অস্বাভাবিক ভাবে বেড়ে গেলে দেশে ডলার সংকট দেখা দেয়। এতে রিজার্ভেও টান পড়ে। পরে আমদানি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে কমতে থাকে আমদানি খরচ। তবে বাকি বা দেরিতে পরিশোধের শর্তে আগের খোলা এলসির দায় এখন পরিশোধ করতে হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার ব্যয় কমেনি। যে কারণে দিন দিন ডলারের সংকট বাড়ছে। চাপে পড়ছে অর্থনীতি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের ২১ দিনে ৯৮ কোটি ৮০ লাখ ডলার বেশি বিক্রি করা হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের ২১ নভেম্বর পর্যন্ত এর পরিমাণ ৫৫৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আর গত ২১ অক্টোবরে ডলার বিক্রির পরিমাণ ছিল ৪১০ কোটি ডলার। সে হিসাবে এক মাসে ডলার বিক্রি বেড়েছে ১৪৬ কোটি ডলার। এর আগে ২০২১-২২ অর্থবছরে রেকর্ড ৭৬২ কোটি ১৭ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ডলার সংকটের কারণে আমদানির ক্ষেত্রে বিভিন্ন পণ্যের এলসি খুলতে সমস্যায় পড়তে হচ্ছে। আর বৈদেশিক বাণিজ্যে পাওনা পরিশোধেও ব্যর্থ হচ্ছে অনেক প্রতিষ্ঠান। গত রবিবার বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ডলার সংকটের কারণে বিভিন্ন শিপিং লাইনের ১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মুলতবি থাকায় ব্যবসায়িক সম্পর্ক বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু এ অর্থ পাঠাতে না পারলে সাপ্লাই চেইন প্রক্রিয়া ভেঙে পড়বে।

