ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডা, বন্ধুকে খুন

বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে দশম শ্রেণির ছাত্র মো. মেহেদীকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার বন্ধু মো. বরকত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন ব্যাপারীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ১৮ বছর বয়সী মেহেদী হাসান ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে আর্জেন্টিনার সমর্থক বরকতের বিশ্বকাপ খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে। পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মেহেদীর বাবা হেলাল ব্যাপারী বলেন, আমার ছেলে দুই দিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওই দিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে বরকত মারধর করে। এরপর সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে বুকে আঘাত করে অন্ধকারে ফেলে রেখে যায়। আমি ছেলের খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.