সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১১ অক্টোবর) তিনি দেশে ফিরেছেন বলে জানা গেছে। সেনাপ্রধানের এ সফরের মাধ্যমে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত বুধবার (৫ অক্টোবর) সুইজারল্যান্ডের বিমানবিধ্বংসী অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেইনমেটল এয়ার ডিফেন্স কোম্পানি (এজি) এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং কোম্পানি পরিদর্শন করেন সেনাপ্রধান। পরিদর্শনকালে কোম্পানির কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চলমান বর্তমান প্রকল্প ও উৎপাদিত সরঞ্জাম সম্পর্কে সেনাপ্রধানকে ব্রিফ করেন। এ সময় কোম্পানির উৎপাদন প্ল্যান্টে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রস্তুতকৃত ওয়েরলিকন টুইনগান জিডিএফ-০০৯ পরিদর্শন করেন সেনাপ্রধান।

এরপর বৃহস্পতিবার (৬ অক্টোবর) কোম্পানিটি লাইভ ফায়ারিং এর আয়োজন করে। সেখানে গান ফায়ারিং এবং গোলাবারুদের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান।

এছাড়াও সুইজারল্যান্ড আর্মড ফোর্সেস এর আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্ক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম. মাদের এর সাথে সৌজন্যসাক্ষাৎ করেন সেনাপ্রধান। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ এবং সুইজারল্যান্ড সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। পরে সুইস এয়ার ফোর্স ও এয়ার ডিফেন্স জাদুঘর পরিদর্শন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এছাড়াও গত শুক্রবার (৭ অক্টোবর) রেইনমেটল কোম্পানির অ্যামোনিশন প্রোডাকশন লাইন পরিদর্শন এবং প্রস্তুত প্রণালী পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.