সিলেটে সোমবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক

বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রবিবারের মধ্যে পাথর উত্তোলনের সুযোগ না দেওয়া হলে পরদিন সোমবার থেকে সিলেট জেলায় আট চল্লিশ ঘণ্টার ধর্মঘট পালন করবে তারা। পরবর্তীতে পুরো বিভাগে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।

পরিবহন শ্রমিক নেতারা জানান, সিলেটের পাথর দিয়ে সারা দেশে নির্মাণ কাজ চলে। সিলেটের ভোলাগঞ্জ, বিছানাকান্দি, জাফলং ও লোভাছড়া কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনে প্রায় ১৫ লাখ ব্যবসায়ী, শ্রমিক এবং পরিবহন শ্রমিক ও মালিকরা জড়িত। কিন্তু গত প্রায় পাঁচ বছর ধরে কোয়ারিগুলো বন্ধ থাকায় পরিবহন খাতের মালিক-শ্রমিকরা সংকটে আছেন। অধিকাংশ ট্রাকমালিক ঋণ নিয়ে বা কিস্তি দিয়ে ট্রাক কিনেছেন। কিন্তু পাথর কোয়ারি বন্ধ থাকায় ট্রাক মালিকরা পর্যাপ্ত ট্রিপ পাচ্ছেন না, ফলে তারা দেনায় জর্জরিত।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে পাথর কোয়ারি খুলে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছি। গত ১৬ অক্টোবর কোয়ারি খুলে দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমাদের দাবি মানার কোনো লক্ষণ নেই। আমরা বাধ্য হয়ে রবিবার অবধি সময় দিয়েছি। এর মধ্যে কোনো সুরাহা না হলে সোমবার থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হবে। পরবর্তীতে গোটা বিভাগে সকল প্রকার পণ্য পরিবহন বন্ধ করে দেওয়া হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.