রংপুরজুড়ে মানুষের স্রোত। বিএনপি’র আজকের সমাবেশকে ঘিরে এর আগেই দূর-দূরান্ত থেকে জনসভাস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। অন্যরকম এক দৃশ্য এখন রংপুরে। ক্যাম্প তৈরি করে রান্না করে খাবার খাচ্ছেন কেউ কেউ। আবার বেশির ভাগ মানুষ চিঁড়া, মুড়ি, গুড় খেয়ে দিনরাত পার করছেন। তাদের কথা- সমাবেশ সফল করতে এসেছি। মাঠে রাতযাপন কিংবা খাওয়া নিয়ে চিন্তিত নই। গণপরিবহন বন্ধ থাকায় আগেভাগে আসতে ও থাকতে সমস্যা সৃষ্টি হলেও যেকোনো মূল্যেই সমাবেশের শেষ সময় পর্যন্ত সভাস্থলেই থাকবেন তারা।
রংপুর বিএনপি’র বিভাগীয় সমাবেশ আজ। আর এ সমাবেশ নিয়ে চলছে নানা নাটকীয়তা। পথে পথে বাধা।
তার উপরে বন্ধ গণপরিবহন। তবুও চলছে লড়াই। বিএনপি’র নেতাকর্মীদের ভাষায়- এটা তাদের গণতন্ত্র রক্ষার লড়াই। জেলায় জেলায় নানা বাধা, হুমকি-ধমকি, হামলা মামলা ও গ্রেপ্তারের ভয়ভীতি উপেক্ষা করে রংপুরে আসছে মানুষ। কেউ হেঁটে, কেউ বা একাধিক রুট পরিবর্তন করে, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, মোটরসাইকেল, ট্র্রেন, নৌকা ও পণ্যবাহী ট্রাকে করে রংপুর শহরে পৌঁছেছেন। একদিকে সড়কে গণপরিবহন বন্ধ, অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা। এর মধ্যেও শত শত মাইল পাড়ি দিয়ে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা। তাদের সঙ্গে একই রকম ভোগান্তিতে পড়তে হয়েছে জেলা ও আন্তঃজেলার মানুষের। যারা জরুরি কিংবা জেলা শহরে চিকিৎসা নিতে এসেছেন। বিএনপি’র সমাবেশ ঘিরে গণপরিবহন বন্ধ হবে এমন আশঙ্কায় আগে-ভাগেই কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, জয়পুরহাট থেকে নেতাকের্মীরা সমাবেশস্থলে পৌঁছেন। তাদের কারও হাতে কাঁথা-বালিশ, কারো হাতে শুকনো খাবার, আবার কারো হাতে দলীয় প্ল্যাকার্ড। সমাবেশস্থলের পার্শ্ববর্তী স্থানে অবস্থান নিয়েছেন অনেকেই। এছাড়া শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও সড়কের উপর অবস্থান নেন। সেখানেই রাতযাপন করেন তারা।
রংপুর থেকে ১১৩ কিলোমিটার দূরের জেলা ঠাকুরগাঁও থেকে গতকাল সমাবেশ স্থলে আসেন আনোয়ারুল হক। মানবজমিনকে তিনি বলেন-সরকার বাস বন্ধ করে দিলেও বিএনপি’র এই সমাবেশ ঠেকাতে পারবে না। কখনো হেঁটে, কখনো রিকশা-কখনো ভ্যানে করে ভেঙে ভেঙে নেতাকর্মীদের নিয়ে সভাবেশস্থলে পৌঁছেছেন। বাস বন্ধ থাকায় পথে পথে ভোগান্তির শিকার হতে হয়েছে। বিভিন্নস্থানে নেতাকর্মীরা সমাবেশে আসতে বাধা দিলেও বিকল্প পথ খুঁজে নিতে হয়েছে। তিনি বলেন, বাস বন্ধ করেও সরকারের কোনো লাভ হয়নি। শুধু ঠাকুরগাঁও থেকে শুক্রবার রাত পর্যন্ত কমপক্ষে ১০ হাজার মানুষ এসেছে। আরও আসবে। এখন বিচ্ছিন্নভাবে আছেন। রাতে সবাই এক হবে। সুত্র, মানবজমিন ।

