রাজবাড়ীর গোয়ালন্দে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লেগে পুড়ে এক বৃদ্ধা ও তার নাতনি নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আনসার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ দৌলতদিয়া আনসার ব্যাপারীপাড়া এলাকার রুকমান মোল্লার স্ত্রী বরু বিবি (৯০) ও তার নাতনি রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তার (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একটি টিনের চৌচালা ঘরের আড়ার সঙ্গে সিলিং ফ্যানের গোড়া থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে শুয়ে থাকা বৃদ্ধা বরু বিবি ও তার নাতনি তাসমিয়া পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাবেকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব করা হয়নি। তবে ঘরের সবকিছু পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই তিনিসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাপন কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান নগদ অর্থ সহায়তা দিয়েছেন বলেও জানান তিনি।

