প্রবীণরা একটি সুন্দর রাষ্ট্রের খুঁটি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রবীণরা একটি সুন্দর রাষ্ট্রের খুঁটি মন্তব্য করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘প্রবীণরা শিশুর মতো হয়। শিশুরা যেমন ভালোবাসা চায়, মানুষ বয়সের ভারে তেমনই শিশুর মতো হয়ে যায়। তাই আমাদের বড় করা প্রবীণদের প্রতি যত্নশীল হতে হবে। একজন প্রবীণ একটি পরিবারের স্তম্ভ। তারা একটি সুন্দর রাষ্ট্রের খুঁটি। যাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিবার এবং সমাজ এগিয়ে যেতে পারে।’

আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুরে জেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রবীণদের উদ্দেশ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘নিজেকে ভালো রাখতে হলে নিজের প্রতি মেইন্টেনেন্স বাড়াতে হবে। রাতের ঘুম ভালো হতে হবে। এ ক্ষেত্রে পরিমিত খাওয়া এবং হাঁটাচলা করতে হবে। কোয়ালিটি অব লাইফ নিশ্চিত করতে হবে। কারণ, আপনারা আমাদের সম্পদ।’

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. এম এ বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। অনুষ্ঠানে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.